আরহেনিয়াস অম্ল ও ক্ষারক তত্ত্বের সাফল্য ও সীমাবদ্ধতা
আরহেনিয়াস অম্ল-ক্ষারক তত্ত্ব (Arrhenius Acid-Base Theory)
স্বীডিশ বিজ্ঞানী সভান্তে আরহেনিয়াস (Svante Arrhenius) ১৮৮৭ সালে অম্ল ও ক্ষারকের সংজ্ঞা প্রদান করেন, যা আরহেনিয়াস মতবাদ নামে পরিচিত।
অম্ল (Acid)
যেসব রাসায়নিক সত্তা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) দান করে, সেগুলোকে অম্ল বলে।
যেমন: HCl একটি অম্ল, কারণ এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়।
উদাহরণ: HCl, HNO3, H2SO4, H2S, HCN, H3PO4, HCOOH, CH3COOH ইত্যাদি।
ক্ষারক (Base)
যেসব রাসায়নিক সত্তা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন (OH–) দান করে, সেগুলোকে ক্ষারক বলে।
যেমন: NaOH একটি ক্ষারক, কারণ এটি জলীয় দ্রবণে OH– আয়ন দেয়।
উদাহরণ: NaOH, KOH, NH4OH, Ca(OH)2, Mg(OH)2 ইত্যাদি।
তত্ত্বানুসারে প্রশমন বিক্রিয়া (Neutralization)
এই মতবাদ অনুসারে, এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে এসিডের H+ এবং ক্ষারকের OH– আয়নের সংযোগে নিরপেক্ষ যৌগ পানি সৃষ্টি হওয়ার প্রক্রিয়াই হলো প্রশমন।
পূর্ণ বিক্রিয়া: HCl(aq) + NaOH(aq) → Na+(aq) + Cl–(aq) + H2O(l)
- অম্ল-ক্ষার টাইট্রেশন: এই মতবাদের সাহায্যে অম্ল-ক্ষার টাইট্রেশনের মূল ভিত্তি ও নির্দেশকের কার্যপদ্ধতি সহজে ব্যাখ্যা করা যায়।
- বাফার দ্রবণ: বাফার দ্রবণের অম্ল-ক্ষারক ক্রিয়াকৌশল এই তত্ত্বের জলীয় আয়নন ধারণার সাহায্যে সহজে ব্যাখ্যা করা যায়।
- অম্ল-ক্ষারকের তীব্রতা পরিমাপ: এসিড বা ক্ষারকের তীব্রতাকে তাদের বিয়োজন ধ্রুবকের (Ka বা Kb) মাধ্যমে পরিমাণগতভাবে প্রকাশ করা যায়।
একটি মৃদু এসিড HA এর ক্ষেত্রে: HA + aq → H+(aq) + A–(aq)বিয়োজন ধ্রুবকের মান বৃদ্ধি পেলে এসিডের শক্তি বা তীব্রতা বৃদ্ধি পায় এবং মান হ্রাস পেলে তীব্রতা হ্রাস পায়। ক্ষারকের ক্ষেত্রেও (Kb) বিষয়টি সমানভাবে প্রযোজ্য।
বিয়োজন ধ্রুবক, Ka = [H+][A–] [HA] - জলীয় দ্রবণের বিক্রিয়া: জলীয় দ্রবণে এসিড ও ক্ষারকের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ও ধর্ম ব্যাখ্যার ক্ষেত্রে আরহেনিয়াস মতবাদ সম্পূর্ণভাবে সফল হয়েছে।
- ধ্রুবক প্রশমন তাপের ব্যাখ্যা: যেকোনো শক্তিশালী এসিডের সাথে শক্তিশালী ক্ষারকের প্রশমন বিক্রিয়ায় প্রতি মোল পানি উৎপন্ন হতে উৎপন্ন তাপের মান সর্বদা নির্দিষ্ট (-57.34 kJ mol-1 বা -13.7 kcal mol-1) থাকে। সবক্ষেত্রেই মূলত একই H+ আয়ন ও OH– মূলক যুক্ত হয়ে পানি উৎপন্ন করে বলে এই মান ধ্রুবক হয়—যা এই তত্ত্ব সহজেই ব্যাখ্যা করতে পারে।
- জলীয় দ্রবণের প্রকৃতি: কোনো উপাদানের জলীয় দ্রবণের প্রকৃতি কেন অম্লীয় বা ক্ষারীয় হয়, তা এই তত্ত্বের মুক্ত আয়নের উপস্থিতির মাধ্যমে জানা যায়।
- এসিড প্রভাবন ক্রিয়া: কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় এসিড প্রভাবক হিসেবে কাজ করে। সেসব ক্ষেত্রে এসিডের বিয়োজনে উৎপন্ন H+ আয়ন দ্বারা প্রভাবন ক্রিয়া সঠিকভাবে ব্যাখ্যা করা যায়।
- মুক্ত H+ আয়নের কাল্পনিক অস্তিত্ব: আরহেনিয়াস মতবাদে জলীয় দ্রবণে মুক্ত হাইড্রোজেন আয়ন (H+) এর অস্তিত্ব কল্পনা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে জলীয় দ্রবণে মুক্ত H+ থাকতে পারে না, তা পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন (H3O+) হিসেবে অবস্থান করে।
- অজলীয় বা দ্রাবকহীন মাধ্যমের সীমাবদ্ধতা: এই মতবাদটি কেবল জলীয় দ্রবণে কার্যকরী। পানির অনুপস্থিতিতে বা অজলীয় দ্রাবকে (যেমন: অ্যালকোহল, তরল অ্যামোনিয়া) পদার্থের অম্ল-ক্ষারক ধর্ম এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না।
- OH– বিহীন ক্ষারকের ব্যাখ্যায় ব্যর্থতা: এই মতবাদ অনুযায়ী কেবল হাইড্রোক্সিল মূলক (OH–) বিশিষ্ট যৌগই ক্ষারক। কিন্তু NH3, ধাতব অক্সাইড (CaO, MgO), অ্যালকাইল অ্যামিন (R-NH2) ইত্যাদিতে OH– না থাকা সত্ত্বেও এরা যে তীব্র ক্ষারক, তার কোনো ব্যাখ্যা এই তত্ত্বে নেই।
- গ্যাসীয় অবস্থার বিক্রিয়া: গ্যাসীয় অবস্থায় কোনো যৌগের এসিড বা ক্ষারক ধর্ম এই মতবাদ ব্যাখ্যা করতে পারে না। যেমন: NH3(g) + HCl(g) → NH4Cl(s) বিক্রিয়াটি যে একটি অম্ল-ক্ষারক প্রশমন বিক্রিয়া, তা আরহেনিয়াস তত্ত্ব প্রমাণ করতে পারে না।
- লবণের জলীয় দ্রবণের প্রকৃতি: FeSO4, ZnSO4, CuSO4, AlCl3, BF3 এর জলীয় দ্রবণ কেন অম্লধর্মী এবং Na2CO3 এর জলীয় দ্রবণ কেন ক্ষারধর্মী হয়, আরহেনিয়াস মতবাদ তার ব্যাখ্যা প্রদানে ব্যর্থ হয়েছে।
- অ্যাসিডিক ও ক্ষারীয় লবণের বৈপরীত্য: ফসফরিক এসিডের মনোসোডিয়াম লবণ NaH2PO4 এর জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির, অথচ এর ডাইসোডিয়াম লবণ Na2HPO4 এর জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয়। এটি আরহেনিয়াস তত্ত্ব দিয়ে কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয়।
- অন্যান্য দ্রাবকের বিক্রিয়া: তরল NH3 দ্রাবকে দ্রবীভূত NH4Cl এসিডের মতো এবং সোডামাইড (NaNH2) ক্ষারকের মতো আচরণ করে। জলীয় মাধ্যম না হওয়ায় এই তত্ত্বের সাহায্যে এদের অম্ল-ক্ষারক ধর্ম ব্যাখ্যা করা যায় না।
Tag:Amlo kharak tottvo Arrhenius, Arrhenius theory merits and limitations, Limitations of Arrhenius concept of acids and bases, Neutralization heat of strong acid and base, আরহেনিয়াস অম্ল ও ক্ষারক তত্ত্ব, আরহেনিয়াস তত্ত্বের ব্যাখ্যাকরণ, আরহেনিয়াস মতবাদের সাফল্য ও সীমাবদ্ধতা, জলীয় দ্রবণে অম্ল ও ক্ষারকের সংজ্ঞা, তীব্র এসিড ও ক্ষারের প্রশমন তাপ -57.34 kJ
